লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. সালেহ আহমেদ তাহসিন নামের দু্ই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বাসস পরিবেশিত এক সংবাদে জানানো হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় মুসল্লিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাহসিন ওই এলাকার সাবলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে বাসস আরো জানায়, শুক্রবার সকালে তাহসিনের দাদি গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন।
সবার অজান্তে শিশুটিও তার দাদির পেছনে পেছনে যাচ্ছিল বলে বাড়ির লোকজন ধারণা করছেন। এক পর্যায়ে তাহসিন পুকুরের পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করেও তাহসিনকে পাওয়া যাচ্ছিল না। একসময় পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
