বগুড়ায় জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে জালাল গ্রুপের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। পৃথক দুই অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা, মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে।

দৈনিক করতোয়া পরিবেশিত খবরে র‌্যাবকে উদ্ধৃত করে জানানো হয়, বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল হাটখোলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইউসুফ প্রামাণিক (২২), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৫), রিপন প্রামাণিক (২৭), আকাশ প্রামাণিক (১৮), শুভ (২০), কাইয়ম প্রামাণিক (১৯), কাউছার হোসেন (২০), সামিউল ইসলাম সানি (১৪) এবং কাহালুর দুর্গাপুর বাজার এলাকার জালাল মন্ডল (৩৮)। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি শাবরুল হাটখোলাপাড়া এলাকায়।

অভিযানে তাদের কাছ থেকে ৯টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চায়নিজ কুড়াল, একটি ছুরি ও একটি বল্লম উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিম জব্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুরপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব। এ সময় জালাল গ্রুপের সদস্য বাপ্পী হাসানকে (২১) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।