সরকারি হাসপাতালে হামের চিকিৎসায় ভোগান্তির অভিযোগ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) হামের রোগীদের প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন স্বজনেরা। এতে বাইরে থেকে ওষুধ ও স্যালাইন কিনতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে বলে জানিয়েছেন তারা।

সোমবার শিশু বিভাগে হামের রোগীদের জন্য নির্ধারিত অংশে ১৩ জন রোগী ভর্তি ছিলেন। শয্যা সংকটে পাঁচজনকে মেঝেতে চিকিৎসা নিতে দেখা গেছে।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে জ্বরের সিরাপ ছাড়া অনেক প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার খরচও তাদের বহন করতে হচ্ছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। শজিমেকের উপপরিচালক ডা. মঞ্জুর-ই মোর্শেদ বলেন, হামের রোগীদের প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন ও স্যালাইন হাসপাতালে মজুত রয়েছে এবং বাইরে থেকে কেনার প্রয়োজন নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৯ মার্চ থেকে জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১২৮ জন হামের রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ১৮ জনের মৃত্যু হয়েছে। শজিমেক হাসপাতালে মারা গেছেন ১৫ জন।