সৌদিতে চাকরির নামে প্রতারণা, ৫১ পাসপোর্টসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন ও কয়েকটি রেজিস্টার উদ্ধার করা হয়েছে।

রবিবার রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, চক্রটি অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে বিদেশে পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা ও পাসপোর্ট নিত।

এক ভুক্তভোগীর সঙ্গে ৩ লাখ ৭০ হাজার টাকায় চুক্তি করে ২ লাখ ৬৬ হাজার টাকা নেওয়া হয়। পরে তাকে ড্রাইভিং ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। এ ঘটনায় বনানী থানায় মামলা হলে তদন্তে একইভাবে আরও কয়েকজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা নেওয়ার তথ্য পায় সিআইডি।

চক্রটির অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। যাচাই ছাড়া বিদেশে যাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা ও পাসপোর্ট না দেওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি।