প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দ্রুতগতির পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের এক যাত্রী।
শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে আশাশুনির কচুয়া গ্রামের উদয় ঢালী (৩৮) কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে সাতক্ষীরার উদ্দেশে ভ্যানে রওনা দেন। ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। চালক ও যাত্রী ছিটকে পড়ে গেলে পিকআপটি চালককে ফের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহ সড়কে পড়ে ছিল। পরে স্বজনদের মাধ্যমে জানা যায়, তিনি আশাশুনির পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে সুলতান আলী। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, খবর পেয়ে আহত ও নিহতকে দ্রুত উদ্ধার করা হয়।
সদর থানার এসআই বেলায়েত হোসেন বলেন, পিকআপটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান শিমুল জানান, ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়সহ সাতক্ষীরা-আশাশুনি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
