মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে চাল রাখার ড্রাম বিস্ফোরণে নূরুল্লাহ (৩০) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে মিঠামইন বাজারের মানিক মিয়ার ওয়ার্কশপের সামনে ওয়েল্ডিংয়ের কাজ করার পর রেখে দেওয়া ড্রামটি হঠাৎ বিস্ফোরিত হলে নূরুল্লাহর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্তত ১০ গজ দূরে ছিটকে পড়ে।
নূরুল্লাহ ওই সময় ওয়ার্কশপের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি উপজেলা সদরের মহিষারকান্দি বেড়িবাঁধ এলাকার বাদশা মিয়ার ছেলে এবং বার্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন বিক্রয় প্রতিনিধি।
মিঠামইন থানার এএসআই কামাল মিয়া জানান, ধারণা করা হচ্ছে, ওই ড্রামে গ্যাস সঞ্চিত ছিল এবং গ্যাসের চাপে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও এএসআই কামাল মিয়া জানিয়েছেন।
