রেজাউল করিম বকুল, শেরপুর: শেরপুরের বাজিতখিলা এলাকা থেকে গাজীপুরের জয়দেবপুর এলাকার গার্মেন্টস কর্মীর পাঁচ বছরের অপহৃত কন্যা শিশুকে উদ্ধার করেছে র্যাব।
পুলিশ ও স্বজনরা জানায়, পাঁচদিন আগে জয়দেবপুরের ডিগনিটি টেক্সটাইল লি. এর কর্মী হাফিজুল ইসলাম কবিরের সহকর্মী আলমগীর তার শিশুকন্যা স্বর্ণা আক্তার মীমকে অপহরণ করে। পরে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। ঘটনাটি র্যাবকে জানালে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শেরপুরের বাজিতখিলা গ্রাম থেকে অপহৃত স্বর্ণাকে উদ্ধার করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আলমগীর পালিয়ে যায় । পরে শেরপুর সদর থানায় স্বর্ণাকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দেয় র্যাব। এ সময় ওই শিশুর মা বাবা আবেগে আপ্লুত হয়ে পড়ে। এ ব্যাপারে আলমগীরসহ কয়েকজনের নামে একটি মামলা হয়েছে।
