বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে জেলেরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ ফলকন এলাকার মেঘনা নদীর অদূরে মাছ ধরার ট্রলারে ডাকাতিকালে স্থানীয় জেলেরা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক জলদস্যুরা হচ্ছেন, উপজেলার চরকালকিনি এলাকার দুলাল মাঝির ছেলে শেখ ফরিদ (২২) ও মো. মনির (১৯) এবং ভোলার দৌলতখাঁন এলাকার মো. নুরুজ্জামানের ছেলে আবুল কালাম (২৫)।
লুধুয়া ফলকন এলাকার জেলে মালেক মাঝি জানান, চার জেলেকে নিয়ে তিনি শনিবার ভোরে দক্ষিণ ফলকন এলাকার মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকার করছিলেন। ওই সময় ইঞ্জিনচালিত ট্রলারে করে সাতজনের একদল সশস্ত্র ডাকাত তাদের ট্রলারে হামলা চালায়। ওই সময় তাদের চিৎকারে আশপাশে মাছ শিকাররত ট্রলারের জেলেরা ছুটে এসে জলদস্যুদের চারদকি ঘিরে ফেললে চার জলদস্যু নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়। এ সময় জেলেরা দুটি বগি দা, একটি ধারালো ছুরি ও তিনটি দেশীয় দাসহ তিন জলদস্যুকে আটক করে তীরে নিয়ে আসেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে থানায় খবর দেয়া হলে পুলিশ অস্ত্রসহ আটক জলদস্যুদের থানায় নিয়ে আসে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, আটক জলদস্যুরা থানা হাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
