আজিজুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তরবাজারের বাসিন্দা মহিব উদ্দিন আহমদ স্ত্রী ও পুত্রসহ মিনা দুর্ঘটনার দিন থেকে নিখোঁজ রয়েছেন। শহরের উত্তরবাজার জামে মসজিদে ঈদের জামাতে তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া গতকাল শনিবার অসুস্থতাজনিত কারণে কুলাউড়ার বাসিন্দা আরেক হাজির মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন জানান, শহরের উত্তরবাজারের বাসিন্দা মহিব উদ্দিন আহমদ (৭০), তার স্ত্রী রাবিয়া বেগম (৬৫) ও তাদের পুত্র জালাল উদ্দিন আহমদ মনি (৩৮) মিনা ট্রাজেডির দিন থেকে নিখোঁজ রয়েছেন। সৌদি আরব থেকে যে টেলিফোন নম্বরে তারা আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতেন তা বন্ধ রয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো আত্মীয়স্বজন কিংবা স্থানীয় লোকজন তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। ঈদের দিন নিখোঁজ এই পরিবারের জন্য উত্তরবাজারস্থ ঈদের জামাতে বিশেষ মোনাজাত করা হয়।
তাদের পরিবারের পক্ষ থেকে পাসপোর্ট নাম্বার ও ছবিসহ সৌদিআরবস্থ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা হয়েছে। দূতাবাস থেকে পরিবারকে কোনো কিছু জানানো হয়নি বলে নিখোঁজদের পরিবারিক সূত্র জানিয়েছে।

এদিকে হজ পালন শেষে শনিবার সৌদি আরবে হজ মহল্লায় মৃত্যুবরণ করেছেন সোনা মিয়া (৭০) নামক এক হাজী। তার বাড়ি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রামে। ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ ও মেম্বার ছয়ফুল তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। নিহত সোনা মিয়া পানিশূন্যতা জনিত কারণে মারা গেছেন বলে জানান তারা।
