রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মঞ্জুরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাকে সাময়িকভাবে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, গত ২৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মঞ্জুরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণ পাওয়ায় তাকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ভোররাতে মেহেদি হাসান রবিন (২৬) নামের এক যুবক ইউএনওকে ছয়টি ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল ফেনসিডিল পৌঁছে দিতে গেলে পথে তাকে জনতা আটক করে। রবিনের স্বীকারোক্তি অনুযায়ী ইউএনওর নিয়মিত মাদক গ্রহণের বিষয়টি ফাঁস হয়ে পড়লে প্রশাসনে তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় স্থানীয় যুবক সাঈদ সিদ্দিকী মিলন বাদী হয়ে বীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হানকে তদন্ত করার দায়িত্ব দেয়া হয়। তিনি তদন্ত করে প্রতিবেদন দিলে জনপ্রশাসন মন্ত্রণালয় ইউএনওকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশিত হয়।
