রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে দুই বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির একটি কক্ষে তারা একসঙ্গে গলায় ফাঁস দেয়। এরা হলো, বড় বোন আমেনা খাতুন (১৮) ও ছোট বোন জেসমিন আক্তার (১৪)। আমেনা গৃহিনী ও জেসমিন নবম শ্রেণির ছাত্রী। তারা এই গ্রামের আইনুল হকের মেয়ে। বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার সকালে দুই বোনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনের নিকট লাশ দু’টি হস্তান্তর করা হয়।
পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে কি কারণে দুই বোন একসঙ্গে আত্মহত্যা করেছে তা পরিবারের কেউ বলতে পারেননি। এ ব্যাপারে হাকিমপুর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
