মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): ‘ডাইল হারুন’ নামে পরিচিত পেশাদার মাদক ব্যবসায়ী হারুনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়পুর পুলিশ। এ নিয়ে দুই দিনে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হলো।
আজ (৭ অক্টোবর) ভোরে হারুনকে (৩৮) ১৫০টি ইয়াবা ট্যাবলেটসহ রায়পুর শহরের দেনায়েতপুরে অবস্থিত তার বাড়ির সুড়ঙ্গ থেকে গ্রেফতার করা হয়। ডাইল হারুন সর্দার বাড়ির আনোয়ার আলীর ছেলে। পেশাদার এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ছয়টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে পুলিশ। ২০১২ সালের মার্চ মাস থেকে পরবর্তী সময়ের মধ্যে রায়পুর থানায় এসব মামলা দায়ের হয়।

ভোরে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. বেলায়েত হোসেন এ গ্রেফতার অভিযান চালানো হয়।
অন্য একটি অভিযানে নাছির উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। সে উত্তর রায়পুর গ্রামের চুন্নু মিয়ার ছেলে। ২০১০ সালের ২০ এপ্রিল নাছির একবার গাঁজা বিক্রির সময় গ্রেফতার হয়েছিল।
গতকাল (৬ অক্টোবর) রাত আটটার দিকে রায়পুরের চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর ঠাকুর পোলের উপর থেকে গ্রেফতার হয় নাছির।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, তিনি এ থানায় যোগদানের পর ইতোমধ্যে অনেক অস্ত্রধারী, সন্ত্রাসী, ডাকাত ও সাজাপ্রাপ্তকে গ্রেফতার করেছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে গোপন সংবাদ পেয়ে গতকাল (৬ অক্টোবর) দুপুরে র্যাবের একটি দল মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে ৬৯টি ইয়াবাসহ শাকিল নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে।
