আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে নয় হাজার লিটার চোরাই পামওয়েল উদ্ধার করেছে।
আটক পামওয়েলের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানার এসআই ওসমান গনি ও এসআই জাহিদের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার পাকাটি বাজারের ব্যবসায়ী জাকির খাঁর দোকান থেকে ২৯টি ড্রাম ভর্তি পাঁচ হাজার ৩৬৫ লিটার এবং গফরগাঁও পৌর শহরের পাটমহল মোড় এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১ ড্রাম ভর্তি তিন হাজার ৮৮৫ লিটার তেল উদ্ধার করে।
পাকাটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম জানান, শুক্রবার সকালে একটি ট্রাকে করে জাকির খাঁর নামে বাজারের খুচরা তেল ব্যবসায়ীর দোকানে ৬০ ড্রাম ভর্তি পামওয়েল তেল আনা হয়। ট্রাকটির কাচঁসহ বিভিন্ন অংশ ভাঙা ছিল। তিনি কমমূল্যে ৩১ ড্রাম পামওয়েল উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করে দেন। ব্যবসায়ী জাকির খান পলাতক।
গফরগাঁও থানার ওসি তফাজ্জল হোসেন জানান, আটককৃত তেলের বিপরীতে সংশ্লিষ্টরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
