বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ও চররমিজ ইউনিয়ন পরিষদের আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।
কেন্দ্র দখলের অভিযোগ এনে আজ বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে চররমিজ ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল ও চরগাজী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর আক্তার হোসেন বাচ্চু দাবি করেন, সরকার দলীয় প্রার্থীদের ক্যাডাররা অস্ত্রসস্ত্র নিয়ে বুধবার দুপুর থেকেই বিভিন্ন কেন্দ্র দখল করে নিয়েছেন। এমনকি তাদের কর্মী-সমর্থকদেরকে সরকার দলীয় লোকজন দুই-তিন দিন ধরে নির্বাচনী কাজ করতে দিচ্ছেন না।
তারা দাবি করেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সরকার দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ না থাকায় তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ সময় তারা নির্বাচন কমিশনের কাছে ‘নীল নকশার’ এ নির্বাচন বাতিল করে ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণার দাবি জানান।
সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৮ বছর ধরে ওই ইউনিয়ন দুটির নির্বাচন বন্ধ ছিল। জটিলতা কাটিয়ে নির্বাচন কমিশন ইউনিয়ন দুটিতে নির্বাচনের উদ্যোগ নিলে ৭ অক্টোবর চররমিজ এলাকার মো. শামছুদ্দিন নামের এক ব্যক্তির রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ভোট স্থগিত করেন। পরে আজ বুধবার জেলা নির্বাচন কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেন।
এদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীদের অভিযোগ অস্বীকার করে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির মাহমুদ বলেন, ‘নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও বাক্সসহ সরঞ্জামাদি ভোটগ্রহণ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।’
