বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: গ্রেফতার স্বামীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা এলাকায় এক রিকশাওয়ালা তাকে ধর্ষণ করে।
ওই নারী আজ শনিবার দুপুরে কমলনগর থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।
অভিযুক্ত আবুল কালাম (৩০) তোরাবগঞ্জ এলাকার হাফিজ উল্যার ছেলে।
ওই নারী জানান, জমি সংক্রান্ত একটি মামলায় তার স্বামীকে পুলিশ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে তিনি রাতে থানায় যান। স্বামীর সঙ্গে দেখা করে থানা থেকে বাসযোগে তিনি করইতলা বাজারে আসেন। রাত ১১টার দিকে একটি রিকশা নিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে রিকশাওয়ালা আবুল কালাম তাকে জোর করে রাস্তার পাশের একটি খালপাড়ে নিয়ে ধর্ষণ করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
