শেরপুর প্রতিনিধি: শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করার অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই দুই প্রার্থী হলেন, সদর উপজেলার রৌহা ইউপি’র আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুজ্জামান সোহেল ও স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম মিজু। সোমবার রাতে শেরপুর কালেক্টরেটের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম অভিষেক দাশ এ অর্থদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান আচরণবিধি লঙ্ঘন করে উপজেলার চরপাড়া ও আমতলি বাজারে তোরণ নির্মাণ করে তার ওপর নৌকা প্রতীক প্রদর্শন করেছিলেন। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম অভিষেক দাশ ২ এপ্রিল সোমবার রাতে সাইফুজ্জামানকে তিন হাজার টাকা জরিমানা করেন এবং তোরণ অপসারণের নির্দেশ দেন। পরে সাইফুজ্জামানের পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসমত আলী জরিমানার টাকা পরিশোধ করেন।
অপরদিকে একই রাতে ভ্রাম্যমান আদালত উপজেলার রৌহা ইউনিয়নের ব্যাপারিপাড়া এলাকায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণা কেন্দ্রে আনারস প্রতীকে আলোকসজ্জা করায় শফিকুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন। পরে প্রার্থী নিজেই জরিমানার টাকা পরিশোধ করেন।
আগামি ৭ মে ৪র্থ দফায় শেরপুরের সদর উপজেলার রৌহা, কামারিয়া, ভাতশালা, পাকুরিয়া, ধলা, গাজীরখামার ও বাজিতখিলা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
