রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে হাকিমুল ইসলাম বাবু (৩৬) নামে একজনকে সেনাবাহিনীর অভিযানে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ন’টায় শহীদ জিয়া রেল পার্কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবুর মোবাইলে একাধিক টিকিটের অনলাইন কপি পাওয়া যায়। এসব টিকেট তিনি বেশি দামে বিক্রি করছিলেন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ডসহ ও ১০০ টাকা জরিমানা করেন। বুধবার (১১ জুন) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
বাবু দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত এবং এর আগেও কয়েকবার আটক হয়েছিলেন।
অভিযানশেষে সেনাবাহিনীর দল স্টেশন ও প্ল্যাটফর্ম ঘুরে দেখে এবং যাত্রীদের অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে কি না তা যাচাই করে।
