বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, সু্ন্দরবনসংলগ্ন গভীর সাগর থেকে ১৪ ভারতীয় জেলে আটক

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: সুন্দরবনের উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১৪ ভারতীয়  জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২ আগস্ট) রাতে বাগেরহাটের মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। অভিযানটি চালায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিষখালী।

আটককৃত ট্রলারটির নাম এফবি পারমিতা। রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায় নৌবাহিনীর জাহাজটি ট্রলারটি মোংলার দিগরাজ নৌঘাঁটিতে নিয়ে আসে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ট্রলারটিতে থাকা ইলিশসহ সামুদ্রিক মাছ নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে। আটক জেলেদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা সবাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। জানিয়েছেন

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “সমুদ্রসীমা আইন লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পরে সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”