ফুলবাড়ীতে নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভার আয়োজন করা হয়।

সভায় দুর্যোগ মোকাবিলায় যুবদের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগের সময় নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত ও মানবিক আশ্রয়কেন্দ্র নির্মাণ জরুরি। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।

সভায় নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়ে যুব প্রতিনিধিরা ছয় দফা দাবি তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সভায় ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের লিডার আখতারুজ্জামান সওদাগরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।