সিরাজগঞ্জের তাড়াশে মাত্র আট দিনের মধ্যে তিন কৃষকের গোয়ালঘর থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার রাতে দেশীগ্রাম ইউনিয়নের সিংগাড়পাড়া গ্রামে দুই কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে গরু চুরি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সিংগাড়পাড়া গ্রামের কৃষক বিপ্লব হোসেন ও তার চাচা সজল হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে বিপ্লবের চারটি এবং সজলের একটি গরু নিয়ে যায়। সকালে গরুকে খাবার দিতে গিয়ে বিষয়টি টের পান দুই কৃষক। পরে তারা পুলিশকে খবর দেন।
সজল হোসেন জানান, চুরি হওয়া পাঁচটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, দুই কৃষকের পাঁচটি গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে। এ জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।
এর আগে ১৫ আগস্ট রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের কৃষক তোরাপ আলীর গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি হয়। ওই ঘটনার পর নতুন করে দুই কৃষকের পাঁচটি গরু চুরি হওয়ায় আট দিনের মধ্যে তিন কৃষকের মোট ১০টি গরু চুরি হলো।
চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেক কৃষক এখন রাতে গোয়ালঘরে পাহারা দিচ্ছেন। কেউ কেউ পালা করে রাত জেগে গবাদিপশু পাহারা দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
