প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগরীর মুন্সিডাঙ্গা এলাকায় বুধবার দিনে-দুপরে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির প্রাচীর টপকে চোরেরা কয়েকটি তালা ভেঙে এক চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনা ঘটায়। বাড়ির মালিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সঞ্জিত কর্মকারের ঘরের মধ্য থেকে নগদ প্রায় ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণের গয়না চুরি করে নিয়ে গেছে।
ডা. সঞ্জিত কর্মকার জানান, গতকাল সকাল নয়টার দিকে তার স্ত্রী ও রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছন্দা মিত্র স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর বাড়িতে তালা লাগিয়ে দিয়ে সঞ্জিত কর্মকারও সকাল ১১টার দিকে হাসপাতালে যান। পরে বিকেল চারটার দিকে ডা. সঞ্জিত কর্মকার বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। তিনি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে দেখেন আলমারির ড্রয়ার ভেঙে চোরেরা সেখানে রাখা নগদ প্রায় ৬ লাখ টাকাসহ অন্তত: ১০ ভরি স্বর্ণের গয়না চুরি করে নিয়ে গেছে। তছনছ করে গেছে সবকিছু।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে বাড়ির মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন।
