জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার

জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী কাউসার আহম্মেদ শাওন পলাতক রয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) সকালে ছয়তলা ভবনটির পঞ্চম তলায় দীর্ঘ সময় তালা ঝুলতে দেখে প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হয়। পরে ভবনের মালিককে বিষয়টি জানানো হয়। স্থানীয়রা তালা ভেঙে ভেতরে ঢুকে ফ্ল্যাটের একটি কক্ষে ইসরাত জাহানের মরদেহ দেখতে পায়। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত বা কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে। পলাতক স্বামী কাউসার আহম্মেদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।