আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’।

দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।

উৎসবের উদ্বোধনী আয়োজন হবে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ জননেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ও লালন বিশ্বসংঘের চেয়ারম্যান দর্শনাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন সংগঠনটির প্রধান নির্বাহী আবদেল মাননান।

উদ্বোধনী আয়োজনে কবীর ও লালনের দর্শন, ভাবধারা এবং সংগীতের নানা দিক নিয়ে আলোচনা করবেন দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও সাধকরা। কবীর-লালন বিষয়ে নানামাত্রিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও উচ্চাঙ্গসংগীতশিল্পী অধ্যাপক ড. প্রিয়াঙ্কা গোপ, সুফি গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. আহসানুল হাদী, লালনপন্থী প্রবীণ সাধক ফকির আবুল হোসেন শাহ, কবীরপন্থী সাধক নিঝুম পাইনকা, গুরুদুয়ারা নানকশাহীর পক্ষে ডা. এম কে রায় এবং গবেষক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

আলোচনার পাশাপাশি উৎসবে থাকবে কবীর-লালনের ভাবসংগীত পরিবেশনা। কবীরপন্থী, রবিদাসপন্থী ও নানকপন্থী সম্প্রদায়ের শিল্পীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

ঢাকার উদ্বোধনী আয়োজনের পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে উৎসবের পরবর্তী পর্ব। ১৮ সেপ্টেম্বর বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ২৫ সেপ্টেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ২ অক্টোবর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং ৪ অক্টোবর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হবে উৎসবের অনুষ্ঠান।

এ ছাড়া ২৩ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং ৩০ অক্টোবর সিলেট বিভাগের শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত হবে উৎসবের শেষ দুই পর্ব।

আয়োজকদের মতে, কবীর ও লালনের ভাবধারার মধ্যে যে মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি ও আত্মঅন্বেষণের দর্শন রয়েছে, তা সংগীত ও আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এই উৎসবের অন্যতম লক্ষ্য।