রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিহত চারজনই অটোরিকশার যাত্রী। তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নবাবেরবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহগুলো শাহ আলী থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
