ফয়সাল মাহমুদ, নারায়ণগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কিংব্যাকখ্যাত এক সময়ের দেশসেরা ডিফেন্ডার মোনেম মুন্নার ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) নগরীর রাজবাড়ীস্থ মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
এর মধ্যে ছিল ছিল সকাল ১১টায় শোকর্যালি, সাড়ে ১১টায় কবর জিয়ারত ও পুস্পার্ঘ্য অর্পণ, বাদ জোহর দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

সোনালী অতীত ও মুন্না স্মৃতি সংসদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে অংশ নেন সাবেক জাতীয় ফুটবলার নারায়ণগঞ্জ ডিএফের সভাপতি, ঢাকা আবাহনীর সাবেক অধিনায়ক শহীদ হোসেন স্বপন, সাবেক জাতীয় ফুটবলার নেয়ামতউল্লা মিয়া, মো. আমানউল্লা, জাকির হোসেন, মজিবুর রহমান রিতু, মাহবুবুল হক তালুকদার টগর, আজমুল হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ শাহজাদা, ওসু, মকবুল হাসান রতনসহ অন্যরা।
২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি কিংব্যাক খ্যাত এই তারকা মারা যান। মোনেম মুন্না ১৯৯৯ সালে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানেই তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। পরের বছর মার্চে বেঙ্গালুরুতে বোন শামসুন নাহার আইভীর কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়। ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি এই কিংবদন্তির।
